বলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সুপারমডেল অর্জুন রামপালের জন্মদিন আজ। ১৯৭২ সালের ২৬ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন তিনি। আজ ৫৪ বছরে পা দিলেন বলিউডের এই ‘হ্যান্ডসাম হাংক’।
অভিনয়ে আসার আগে মডেলিং জগতে পরিচিতি গড়ে তুলেছিলেন অর্জুন। দিল্লির হিন্দু কলেজ থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন তিনি। এক অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার রোহিত বালের নজরে আসার পর মডেলিংয়ে তাঁর পথচলা শুরু হয়। অল্প সময়েই ভারতের জনপ্রিয় পুরুষ মডেলদের একজন হয়ে ওঠেন।
২০০১ সালে রাজীব রাই পরিচালিত ‘পেয়ার ইশক অউর মহব্বত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘দিল হ্যায় তুমহারা’, ‘দিল কা রিশতা’, ‘ডন’, ‘ওম শান্তি ওম’, ‘হাউসফুল’, ‘রাজনীতি’, ‘ডি-ডে’ ও ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তবে শুধু সুদর্শন চেহারার জন্য নয়, অভিনয়দক্ষতার কারণেও দর্শকের প্রশংসা পেয়েছেন অর্জুন। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রক অন!!’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি। ‘ওম শান্তি ওম’ ও ‘রা.ওয়ান’-এ নেতিবাচক চরিত্রেও নজর কেড়েছেন এই অভিনেতা।
ব্যক্তিজীবনেও নানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন অর্জুন। ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়াকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা। ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরে মডেল ও উদ্যোক্তা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁদের দুই ছেলে রয়েছে। ২০২৬ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের বন্ধনেও আবদ্ধ হন অর্জুন।
ক্যারিয়ারের নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেতা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বলিউডের এই তারকা।