প্রবীণ অভিনেতা জাহিদ হাসানের অভিনয় ও ফ্যাশন সচেতনতার ভক্ত তরুণ অভিনেতা খায়রুল বাসার। তবে মুগ্ধতা শুধু পর্দার অভিনয়েই সীমাবদ্ধ নেই, ব্যক্তিগত জীবনেও জাহিদ হাসানের কাছ থেকে পেয়েছেন আন্তরিকতা ও স্নেহ। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে আবেগাপ্লুত হয়েছেন এই অভিনেতা।
খায়রুল বাসার জানান, জাহিদ হাসানের পুরোনো কাজ ‘লালন নীল বেগুনি’ দেখার পর তাঁর অভিনয়ের পাশাপাশি পোশাকের ধরনও ভালো লেগেছিল। বিষয়টি একসময় সরাসরি জাহিদ হাসানকে জানিয়েছিলেন তিনি।
সেই স্মৃতিচারণ করে খায়রুল বলেন, ‘আমাকে দেখে জাহিদ হাসান ভাইয়ের মধ্যে তারুণ্যের কোনো নস্টালজিয়া কাজ করে কি না, সেটা উনিই ভালো বলতে পারবেন। তাঁর ‘লালন নীল বেগুনি’ নামে একটি কাজ দেখেছিলাম। তখন তাঁকে বলেছিলাম, সেই সময়েও আপনারা কী সাবলীল অভিনয় করেছেন! পাশাপাশি আপনার ফ্যাশন সচেতনতাও ভালো লেগেছে।’
জাহিদ হাসানের পোশাকের ধরন নিয়েও প্রশংসা করেন খায়রুল। তিনি বলেন, একটি সাধারণ ব্যাগি প্যান্টের সঙ্গে গামছা দিয়ে তৈরি ফতুয়া পরেছিলেন অভিনেতা। তাঁর কাছে সেই সাজ বেশ আরামদায়ক, সুন্দর ও মানানসই মনে হয়েছিল।
খায়রুলের এমন প্রশংসা শুনে জাহিদ হাসানও তাঁকে কাছে টেনে নেন। এ প্রসঙ্গে খায়রুল বলেন, ‘বাসার, মেকআপের বাইরে থাকলেও তোকে ডেকে নিয়ে আসি। তুই আমার পাশে বস, কথা বলি।’
এরপর নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। তবে সেসব ব্যক্তিগত আলোচনা প্রকাশ করতে চাননি খায়রুল। জাহিদ হাসানের স্নেহের কথা জানিয়ে তিনি বলেন, ‘তিনি আমাকে খুব স্নেহ করেন, আদর করেন। প্রায়ই বলেন, তোকে কিন্তু আমি ভালোবাসি। তুই বুঝিস।’
প্রবীণ এই অভিনেতার কাছ থেকে এমন ভালোবাসা ও আন্তরিকতা পাওয়াকে নিজের জন্য আশীর্বাদ মনে করেন খায়রুল বাসার। তাঁর কাছে জাহিদ হাসানের এই স্নেহ অভিনয়জীবনের এক বিশেষ প্রাপ্তি।