বলিউড অভিনেতা শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টিকে বিভ্রান্তিকর ও মানহানিকর উল্লেখ করে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খানের আইনজীবী।
সোমবার (২৩ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে এই আইনি নোটিশ পাঠানো হয়।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আধ্যাত্মিক গুরু সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন ব্যবসায়ী অনন্ত আম্বানি। তাঁর পাশেই ছিলেন শাহরুখ খান।
ভিডিওতে দেখা যায়, কথোপকথনের একপর্যায়ে অনন্ত ঠোঁটের কাছে আঙুল তুলে শাহরুখকে কিছু একটা ইঙ্গিত করছেন। তাঁর এই অঙ্গভঙ্গিকে অনেকে অভিনেতাকে চুপ থাকতে বলার সংকেত হিসেবে ব্যাখ্যা করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। কেউ অনন্তের আচরণের সমালোচনা করেন, আবার কেউ ঘটনাটিকে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনের অংশ বলে মন্তব্য করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সুবিজ্ঞ শর্মা একটি রিল তৈরি করেন। শাহরুখের আইনজীবীর দাবি, ওই রিলে করা অভিযোগের কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অভিনেতার সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার ক্ষতি করতে পারে।
আইনি নোটিশে বিতর্কিত রিলটি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। নির্দেশনা না মানলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে অনন্ত আম্বানির ওই অঙ্গভঙ্গির মাধ্যমে ঠিক কী বোঝানো হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।