জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির তৃতীয় সংসারেও ইতি ঘটেছে। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি।
রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যান্সি। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত পরিসর ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানান। জীবনের নতুন অধ্যায়কে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেন এই সংগীতশিল্পী।
ন্যান্সির ব্যক্তিজীবনে এটি তৃতীয় বিবাহবিচ্ছেদ। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই সংসারে রোদেলা নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।
এরপর ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে সেই সংসারেরও বিচ্ছেদ ঘটে। এ সংসারে নায়লা নামে আরেকটি কন্যাসন্তান রয়েছে তাঁর।
পরবর্তী সময়ে ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। প্রায় চার বছর পর এবার সেই সম্পর্কেরও ইতি টানার ঘোষণা দিলেন তিনি।
সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া ন্যান্সি ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই পেরিয়েও সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা জানালেন এই শিল্পী।