নাটক ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘ ২৫ বছরের পথচলার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। সেখানেই তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
গত ২৫ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে নিয়মিত কাজ করছেন চয়নিকা চৌধুরী। দীর্ঘ এই সময়ে তিনি নির্মাণ করেছেন ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক ও দুটি চলচ্চিত্র। নাটক ও চলচ্চিত্র নির্মাণে তাঁর এই দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করে। এবারের ২৫তম আসর বসবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’।
সম্মাননা পাওয়া প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন তিনি। দীর্ঘ পথচলায় নানা বাধা-বিপত্তি এলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি। বরং সব সময় কাজকেই প্রাধান্য দিয়েছেন।
২৫ বছরের এই পথচলায় কাজের স্বীকৃতি হিসেবে সিজেএফবির বিশেষ সম্মাননা পেয়ে গর্বিত ও আনন্দিত বলেও জানান এই নির্মাতা।