দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলের দাম বেড়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের বর্তমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বাজারের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়।
প্রতিবেদন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের বক্তব্য শোনার পর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। ফলে বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে বিদ্যমান বিক্রয়মূল্যের ব্যবধান তৈরি হয়েছে। এতে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ব্যবসায়ীদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, আসন্ন পবিত্র রমজান মাসে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।
এদিকে, নতুন দাম নির্ধারণের পাশাপাশি বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে তেল মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ভোজ্যতেল বিক্রি বন্ধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন মূল্য নির্ধারণের ফলে সাধারণ ভোক্তাদের সয়াবিন তেল কিনতে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির চাপের মধ্যে এই সিদ্ধান্ত সাধারণ মানুষের পারিবারিক ব্যয় আরও বাড়াতে পারে। এখন বাজারে নির্ধারিত নতুন দাম কার্যকর হচ্ছে কি না এবং সরবরাহ স্বাভাবিক থাকছে কি না, সেটিই দেখার বিষয়।