ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে প্রত্যর্পণই হবে তাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রসিকতার সুরে হুমায়ুন কবির বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে। আপনারা জাম্পার কিনেন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার।’
তিনি আরও বলেন, ডিসেম্বর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। পাশাপাশি মহান বিজয় দিবসকে কেন্দ্র করে পুরো ডিসেম্বর মাস আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে উদ্যাপিত হবে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সে আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে “শেখ আসবে না”। সে মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।’
শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তার দাবি, সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতে অবস্থান করতে দেওয়ার কারণে দেশটির জন্যও বিভিন্ন ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে কী করা হবে, তা নিয়ে ভারতও সমস্যার মুখোমুখি হচ্ছে। দেশটির সার্বভৌম ভূখণ্ডে একজন ব্যক্তিকে অবস্থান করতে দেওয়ার ফলে বিভিন্ন ধরনের জটিলতা ও অস্বস্তি তৈরি হচ্ছে বলে তিনি মনে করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সে একজন সন্ত্রাসী এবং তাদের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জগুলো তারা উপলব্ধি করে। এটি তাদের অপ্রয়োজনীয় বিরক্তির কারণ ঘটায়। এখন বের করাও যায় না, রাখতেও হচ্ছে; হজমও করতে হচ্ছে। মানে তারাও বোঝে যে এখন সে এই সম্পর্কের জন্য অস্বস্তিকর।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পর্কে হুমায়ুন কবির বলেন, তিনি একজন অপরাধী হিসেবে বিবেচিত। তাই তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসরণ করতে হবে। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করাই হবে প্রত্যাবর্তনের আইনি পথ।
দুই দেশের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। শুধু শেখ হাসিনাই নন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরও কয়েকজন নেতাকর্মী এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ও সরকারের বিবেচনায় রয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও কিছু নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরাও সেখানে অবস্থান করছেন বলে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এসব বিষয়েও সরকারের অবস্থান ও দাবি রয়েছে।
এদিকে, গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা ভারতকে চিঠি দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে যা করার করব।’
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের একটি বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান হুমায়ুন কবির।
সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকিসংবলিত মন্তব্য করেছেন বলে সাংবাদিকরা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিতে কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি থাকেন। তাদের বক্তব্যকে রাষ্ট্রীয় অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত নয়।
তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কোনো রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারিত হবে না।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার। এ ধরনের আলোচনা বাদ দেওয়া যাক। জাতীয় পর্যায়ের সরকারগুলোর মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে।’
উল্লেখ্য, মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবহনমন্ত্রী অর্জুন সিং বাংলাদেশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবো। অনেক হয়েছে; বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা অবশ্যই এর প্রতিশোধ নেবো, এতে কোনো সন্দেহ নেই।’
তার এই বক্তব্যের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং দুই দেশের কূটনৈতিক যোগাযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন, ভারতের কোনো রাজ্য সরকারের নেতার বক্তব্যের ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে না। বরং দুই দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক আলোচনার মাধ্যমেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান করা হবে।