নাটকের পর্দায় একসময় দর্শকের মন জয় করেছিলেন মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। দীর্ঘদিন একসঙ্গে কাজ করা হয়নি তাঁদের। এবার বড় পর্দায় ‘যাত্রা বিরতি’ সিনেমার মধ্য দিয়ে আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। আসছে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন কাজী আসাদ। এ সিনেমার মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে সুমাইয়া শিমুর।
প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর মতে, দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়নি। তাই নতুন এই অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ।
সুমাইয়া শিমু বলেন, ‘অনেক বছর ধরে অভিনয় করছি। অভিনয়ের আরেকটি শাখা চলচ্চিত্র। আমার দুর্ভাগ্য, এতদিন এই মাধ্যমে কাজ করা হয়নি। তাই প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগটি আমার কাছে বিশেষ কিছু ছিল। স্ক্রিপ্টটি বড় একটি বিষয় ছিল।’
সিনেমাটিতে পরিচিত সহশিল্পীদের সঙ্গে কাজের সুযোগও তাঁকে সাহস জুগিয়েছে। বিশেষ করে মোশাররফ করিম ও দিলারা জামানকে পাশে পাওয়াকে নিজের জন্য ভরসার জায়গা বলে মনে করেন তিনি।
মোশাররফ করিমের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে রসিকতা করে শিমু বলেন, ‘মোশাররফ ভাই অবশ্যই আমাকে বেশি বিরক্ত করবেন। সারাজীবন সেটাই করে এসেছেন। তবে একটা বিষয় হলো, মাঝখানে অনেক দিন তার সঙ্গে কাজ করা হয়নি। এমনিতেই আমার কাজের পরিমাণ কমে গিয়েছিল। তাই তার সঙ্গে আবার কাজ করার সুযোগটি ভালো লেগেছে।’
শুধু অভিনয় নয়, শুটিংয়ের বাইরের সময়গুলোও মিস করেছেন বলে জানান এই অভিনেত্রী। তাঁর ভাষায়, সহশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং নির্ভরশীলতার সম্পর্ক অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ বিরতির পর আবারও সেই পরিবেশে ফেরার সুযোগ পেয়ে ভালো লাগছে তাঁর।
উল্লেখ্য, ‘যাত্রা বিরতি’ সিনেমায় মোশাররফ করিম ও সুমাইয়া শিমুর পুনর্মিলন নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। নাটকের জনপ্রিয় এই জুটির রসায়ন এবার বড় পর্দায় কেমন হয়, সেটিই দেখার অপেক্ষা।