তানভীর আহাম্মেদ, রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল আলম ওরফে ফুলি (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সুজালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল আলম ওই এলাকার ইউসুফ আলী ও রাশেদা বেগম দম্পতির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উত্তর সুজালপুর এলাকায় আশরাফুল আলম ওরফে ফুলির বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে একটি টিস্যু ব্যাগে ২০০ পিস এবং অপর একটি প্যাকেটে ৪০ পিস সহ মোট ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।