রাজধানীর ওয়ারীতে পূর্বশত্রুতার জেরে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ম্যানেজারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) এবং স্টাফ মো. হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির সড়কে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করে নাঈমুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।
নিহত নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই আবাসিক হোটেলেই থাকতেন এবং সেখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে হামলার ঘটনায় আহত নাঈমুর রহমান, আব্দুর রাজ্জাক ও মো. হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে দুজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে প্রবেশ করেন। এরপর তারা নাঈমুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
এ সময় নাঈমুরের চিৎকার শুনে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও স্টাফ মো. হাসান তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। হামলাকারীরা তখন তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে চলে যায়।
এসআই মো. আলআমিন মিয়া আরও জানান, আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।
হামলায় আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। অন্যদিকে মো. হাসানের পেটে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিহত নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হামলার পেছনের প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।