শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সহমর্মিতা ও একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। এ সময় শিশুদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের নানা বিষয়ে খোঁজখবর নেন এবং আনন্দঘন পরিবেশে তাদের সঙ্গে সময় অতিবাহিত করেন।
এ সময় শিশু-কিশোরদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। তবে শুধু উপহার দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। শিশুরা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ খেলার বাইরে থেকে যাচ্ছে কি না, সে বিষয়েও বিস্তারিত খোঁজ নেন। খেলাধুলায় যেন কোনো শিশু বাদ না পড়ে, সবাই যেন সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রী শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন, একজনের কাছে থাকা খেলার সামগ্রী অন্যরাও ব্যবহার করতে পারে। সবাই মিলে খেলাধুলা করলে আনন্দ যেমন বাড়ে, তেমনি একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও আন্তরিকতাও গড়ে ওঠে।
শিশু-কিশোরদের সঙ্গে এই সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভাগাভাগির ইতিবাচক মানসিকতা তৈরির গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিশুদের মধ্যে এমন পরিবেশ গড়ে তোলার বার্তা দেন, যেখানে কেউ নিজেকে বিচ্ছিন্ন মনে করবে না এবং সবাই একসঙ্গে আনন্দ ও খেলাধুলায় অংশ নিতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, শৈশব থেকেই শিশুদের মধ্যে সহযোগিতা, সহনশীলতা, বন্ধুত্ব এবং অন্যের প্রতি দায়িত্ববোধের চর্চা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সম্পদ ভাগাভাগি করে নেওয়ার মতো মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি ইতিবাচক বার্তা উঠে এসেছে।