প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় মানুষের মধ্যে মাছের পোনা বিতরণ এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। একই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক বিতরণ করা হয়।
দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন তিনি।
বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু, পাদরিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।
সফরের সব কর্মসূচি শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।












