বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয় ও টাইগারকে নোটিশ

পান মসলার পরোক্ষ প্রচারণার অভিযোগে বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন।

২০২৪ সালে ‘বিমল এলাইচি’র বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন এই তিন অভিনেতা। মহারাষ্ট্রে পান মসলার উৎপাদন, মজুত, পরিবহন, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ হওয়ায় বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি জানিয়েছে কর্তৃপক্ষ।

১১ আগস্ট মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধান তুকারাম মুন্ডে নোটিশটি জারি করেন। এতে অভিনেতাদের ওই প্রচারণায় অংশ নেওয়া বন্ধ করার পাশাপাশি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিজ্ঞাপনসংক্রান্ত প্রচারমূলক কনটেন্ট সরিয়ে নিতে বলা হয়েছে।

৯ পৃষ্ঠার নোটিশে বলা হয়েছে, ‘বিমল এলাইচি’ নামটি এমনভাবে ব্যবহৃত হয়েছে, যা ভোক্তাদের কাছে ‘বিমল পান মসলা’ ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। এর মাধ্যমে নিষিদ্ধ পণ্যের পরোক্ষ প্রচার হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

অভিনেতাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চুক্তি, বিজ্ঞাপন প্রচারণার বিস্তারিত তথ্য, পারিশ্রমিকের নথি এবং যথাযথ সতর্কতামূলক পদক্ষেপের প্রমাণও চেয়েছে কর্তৃপক্ষ।

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের ১০ লাখ থেকে ৫০ লাখ রুপি পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বিজ্ঞাপনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

এর আগে ২০২২ সালে একই ‘বিমল এলাইচি’র বিজ্ঞাপনে শাহরুখ খান ও অজয় দেবগনের সঙ্গে কাজ করে সমালোচনার মুখে পড়েছিলেন অক্ষয় কুমার। পরে ভক্তদের প্রতিক্রিয়ার পর বিজ্ঞাপনটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *