প্রেমের বিচ্ছেদে ক্ষুব্ধ হয়ে সাবেক প্রেমিকাসহ ৪ জনকে হত্যা

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে প্রতিশোধের বশে সাবেক প্রেমিকাসহ চারজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী মিগুয়েল দিয়েগো স্যান্ডোভালের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অপরাধের প্রমাণ মুছে ফেলতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেন তিনি। পরে আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন স্যান্ডোভাল।

লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ নভেম্বর রাতে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারের নর্থ ট্যাবলার অ্যাভিনিউয়ে সাবেক প্রেমিকার বাড়ির বাইরে গোপনে অবস্থান নেন স্যান্ডোভাল। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর বাড়িতে ঢুকে একে একে চারজনকে গুলি করেন তিনি।

নিহতরা হলেন—স্যান্ডোভালের সাবেক প্রেমিকা জানভি মাকুইনদাং (২১), ক্রিস্টিন আকা-আক (২৫), এডউইন গার্সিয়া (২৪) ও ম্যাথিউ মন্টেবেলো (২১)।

হত্যাকাণ্ডের পর বাড়িতে আগুন ধরিয়ে দেন স্যান্ডোভাল। এতে বাড়িতে থাকা তিনটি পোষা কুকুরও মারা যায়। এ সময় ঘরের ভেতরে দুটি শিশু আটকা পড়লেও ১৬ বছর বয়সী এক কিশোর জরুরি নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জীবিত উদ্ধার করে।

লস অ্যাঞ্জেলস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান জে. হকম্যান বলেন, সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রতিশোধের মানসিকতা থেকে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আদালতে স্যান্ডোভাল চারটি ফার্স্ট-ডিগ্রি হত্যা, একটি হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ডাকাতি, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও শিশু নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন।

বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। আগামী ১৭ নভেম্বর তার চূড়ান্ত সাজা ঘোষণা করার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *