কুড়িলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রাইভেটকার ও পাম্প

রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকায় সিএনজি নেওয়ার সময় একটি প্রাইভেটকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি এবং প্রগতি ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় গাড়ির সিলিন্ডার ছিটকে পাশের একটি ভবনে গিয়ে পড়লে কয়েকটি কাচ ভেঙে যায়।

রোববার (১৬ আগস্ট) ভোররাতে কুড়িল চৌরাস্তা-সংলগ্ন প্রগতি ফিলিং স্টেশন লিমিটেডে এ ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে সিএনজি নেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে গাড়ির গ্যাস সিলিন্ডারটি ছিটকে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে গিয়ে পড়ে। এতে ভবনটির কয়েকটি কাচ ভেঙে যায়।

বিস্ফোরণের পর ফিলিং স্টেশনেও আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রাইভেটকার এবং স্টেশনের দুটি গ্যাস চেম্বার ক্ষতিগ্রস্ত ও পুড়ে যায়। উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম জানান, ভোররাতে গাড়িতে গ্যাস নেওয়ার সময় পেছন দিক থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে সংশ্লিষ্ট গাড়িতে আগুন ধরে যায়।

তিনি বলেন, ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পেছনে কোনো কারিগরি ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *