সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে “রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা হলরুম ও চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার ( ১৬ আগস্ট) বেলা ১১ টায় সোনারগাঁও উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর – এ ইয়াসিন নোবেল প্রমুখ।
এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ অনেক মানুষের জীবিকার প্রধান উৎস। সোনারগাঁওয়ের মৎস্য চাষিরা আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে পারেন।
মৎস্য খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি আরও বলেন,নদী-খাল, জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেরা কার্প মিশ্র মৎস্য চাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা চত্বরের পুকুরে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।












