লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করে বলেন, সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই গ্যাস সংকট কমে আসবে। এতে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। সরকার সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করেছে এবং দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে। তবে সমাধান দিতে না পারলে বিভ্রান্তির রাজনীতি থেকে বিরত থাকতে হবে। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, সমালোচনা করা সহজ; জনগণের জন্য কাজ করাই কঠিন। এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মানুষের ভাগ্যের পরিবর্তনই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, মেগাপ্রকল্পের নামে মেগা দুর্নীতি করা হয়েছে এবং বিদ্যুৎ খাতে বিপুল দেনা রেখে যাওয়া হয়েছে। দেশের নিজস্ব গ্যাসের মজুত থাকা সত্ত্বেও নতুন কূপ খনন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

নিজের সরকারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি শিশুর হাঁটতে শেখার মতো সময় লাগে। বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র থাকলে জবাবদিহিতা নিশ্চিত হয়। দেশ ও মানুষের কল্যাণে যে কাজ প্রয়োজন, সরকার সেটিই করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *