রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।
এদিন সকালে মামলার ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—সাবেক মন্ত্রী দীপু মনি, শামসুল হক টুকু, আবদুল লতিফ সিদ্দিকী, জিয়াউল আহসান, সাবেক আইজিপি শহীদুল হক, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবু।
শুনানিতে প্রসিকিউশন জানায়, শেখ হাসিনাসহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে না পাওয়ায় এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে কয়েকজনের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া অন্য মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু ও গ্রেপ্তার আবদুর রাজ্জাককে প্রোডাকশন ওয়ারেন্ট জারি না হওয়ায় এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। পরে তাদের হাজিরের জন্য প্রোডাকশন ওয়ারেন্ট এবং পলাতক আসামিদের বিষয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিলের জন্য ৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলায় ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার অভিযোগ এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক পুলিশ ও র্যাব কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিকসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।












