চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সোমবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলছে। একই সঙ্গে গ্যাস সংকটে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে না নামায় গণপরিবহনের সংকটও দেখা দিয়েছে। ফলে দুর্ভোগ আরও বেড়েছে।

নগরবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই একই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি এ সমস্যা সমাধানে স্থায়ী উদ্যোগ চান তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *