১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ‘পিংক বাস’ নামে এ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে চালু হবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হতে যাওয়া এ সার্ভিসের বাসগুলো পিংক রঙের হবে।

বিশেষ এ সার্ভিসে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন। নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *