ছাত্রদলের নতুন কমিটি: শীর্ষ পদে আলোচনায় মেহেদী হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নামও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এর মধ্য দিয়ে বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়পর্ব শেষ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, আন্দোলন-সংগ্রামে জবি ছাত্রদলের ভূমিকা বিবেচনায় এবার কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ দুই পদের অন্তত একটি পদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে মেহেদী হাসান হিমেল ও জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনের নাম আলোচনায় রয়েছে।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর জবি ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মেহেদী হাসান হিমেল। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হিমেল বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।

তার ঘনিষ্ঠদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি বিভিন্ন সময়ে মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন বলে তারা জানান।

অন্যদিকে জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনও কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন। এর আগে তিনি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বিভিন্ন আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচিতেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদে কারা দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে শেষ পর্যন্ত কারা ছাত্রদলের নতুন নেতৃত্বে আসছেন, তা জানতে কমিটি ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *