কুমিল্লায় প্রাডো গাড়িসহ ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
সোমবার (১৭ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)। তাঁদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়িকে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির একটি লাগেজে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
শামছুল আলম শাহ্ বলেন, তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা ফয়সাল হোসেন ও আমান উল্লাহকে আটক করা হয়।অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি ঘটনাস্থলে জব্দ করা ইয়াবা ও গাড়ি পরিদর্শন করেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, জিজ্ঞাসাবাদ শেষে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইয়াবা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *