ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে ৯ বাংলাদেশির মৃত্যু

ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিসরের মারসা মাতরুহ হাসপাতালে ২৯ বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ দূতাবাস, কায়রো এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, মানবপাচার চক্রের সহায়তায় লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা হওয়া একটি রাবারের নৌকা দিকভ্রষ্ট হয়ে মিসরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়। স্থানীয় পুলিশ নৌকাটিতে থাকা ২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তাদের মধ্যে ১৮ জন গুরুতর অসুস্থ ও অচেতন থাকায় হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন বাংলাদেশি আব্দুল করিম দূতাবাসকে জানান, গত ৩ আগস্ট ৩৮ বাংলাদেশি ও ৪ সুদানিসহ মোট ৪২ জন তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। নৌকাটিতে যথাযথ নেভিগেশন ব্যবস্থা ছিল না। পরে জ্বালানি শেষ হয়ে গেলে নৌকাটি দিকভ্রষ্ট হয়ে প্রায় ১০ দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরম, সূর্যের তাপ এবং খাবার-পানির সংকটে সমুদ্রে ৯ বাংলাদেশি ও ১ সুদানিসহ মোট ১০ জনের মৃত্যু হয়। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে মৃতদেহগুলোতে পচন ধরলে জীবিত যাত্রীরা সেগুলো সমুদ্রে ভাসিয়ে দিতে বাধ্য হন।

দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠলে মিসরের আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *