নিলামে ৪ কোটি ডলারে বিক্রি ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুস’

ফেরারির ইতিহাসে প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘লুস’ চ্যারিটি নিলামে রেকর্ড ৪ কোটি ডলারে বিক্রি হয়েছে। নতুন গাড়ি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।

ক্যালিফোর্নিয়ায় আরএম সোথেবিজের আয়োজিত নিলামে গাড়িটি বিক্রি হয়। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ ফেরারি ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে। তবে গাড়িটির ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ আইফোন ডিজাইনার স্যার জনি আইভের পরিকল্পনায় তৈরি লুসের নিলামমূল্য গাড়িটির সাধারণ দামের তুলনায় ৩৫ গুণেরও বেশি উঠেছে। গাড়িটিতে রয়েছে বিশেষ ফিনিশ, নিজস্ব নকশার যন্ত্রাংশ ও কাস্টমাইজড ব্রেক।

গত মে মাসে উন্মোচনের পর থেকেই লুসের নকশা নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচকদের অনেকে মনে করেন, গাড়িটির ডিজাইন ফেরারির ঐতিহ্যবাহী নকশা থেকে অনেকটাই সরে গেছে। পাঁচ আসনের বৈদ্যুতিক গাড়ি হওয়ায় ব্র্যান্ডটির ঐতিহ্য ও পরিচয়ের একটি অংশ এতে হারিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

সমালোচকদের মধ্যে ছিলেন ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি ও ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কর্দেরো দি মন্তেজেমোলো। তবে ফেরারির প্রধান ডিজাইনার ফ্লাভিও মানজোনি এসব সমালোচনাকে উদ্ভাবনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখেছেন।

লুসের মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রবেশ করেছে ফেরারি। মার্কিন প্রতিষ্ঠান টেসলা ও চীনা গাড়ি নির্মাতাদের আধিপত্য থাকা এই বাজারে গাড়িটি ফেরারির জন্য গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২০২৫ সালে বিশেষভাবে তৈরি ফেরারি ডেটোনা এসপি-৩ নিলামে ২ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। সেটিই ছিল তখন নতুন গাড়ির নিলামমূল্যের রেকর্ড।

তবে সব ধরনের গাড়ির নিলামমূল্যের রেকর্ড এখনো ১৯৫৫ সালের বিরল মার্সিডিজ-বেঞ্জ ৩০০ এসএলআর উলেনহাউট কুপের দখলে। ২০২২ সালে গাড়িটি ১৪ কোটি ২০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *