ব্যাটারিচালিত রিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নিবন্ধন পেতে হলে রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করা বাধ্যতামূলক করা হবে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে নিবন্ধন না দেওয়ার পাশাপাশি জরিমানার বিধানও রাখা হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে ব্যাটারিচালিত রিকশার জন্য সৌরবিদ্যুতে চার্জ করার শর্ত রাখা হচ্ছে। নিয়ম ভেঙে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করলে জরিমানার মুখে পড়তে হবে।
নতুন নিয়মে এসব ই-রিকশার নিবন্ধন আর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। এ বিষয়ে আইন পাস হয়েছে এবং এখন বিধিমালা প্রণয়নের কাজ চলছে। এতে নিবন্ধন ও নবায়ন ফিসহ মালিকদের জন্য বিভিন্ন শর্ত নির্ধারণ করা হবে।
নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেটও বাধ্যতামূলক করা হবে। বুয়েট অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে এ সনদ নিতে হবে। এরপর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে।
এদিকে ঢাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। বিধিমালা তৈরির প্রাথমিক বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশ ও দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালা চূড়ান্ত হলেই নতুন নিয়মগুলো কার্যকর হবে।












