এবার প্রযোজক রণবীর, অ্যাকশন থ্রিলারে নায়িকা কল্যাণী

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজকের ভূমিকায়ও দেখা যাবে বলিউড তারকা রণবীর সিংকে। শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং। মুম্বাইয়ে শুরু হওয়া এই অ্যাকশন থ্রিলারে প্রথমবার রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, পৃথিবী ধ্বংসের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘প্রলয়’। মুম্বাইকে ঘিরে এগোবে সিনেমার গল্প। ভয়াবহ সংকটের মধ্যে টিকে থাকার লড়াই এবং পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরিস্থিতি থাকবে কাহিনির কেন্দ্রে।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যতম প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন রণবীর। বিরলা স্টুডিওস, ট্রু স্টোরি ফিল্মস ও মা কসম ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি।

‘প্রলয়’ পরিচালনা করছেন জয় মেহতা। ‘লুটেরে’ ও ‘স্ক্যাম ১৯৯২ : দ্য হর্ষদ মেহতা স্টোরি’র মতো আলোচিত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুম্বাই ও আশপাশের বিভিন্ন বাস্তব লোকেশনে সিনেমাটির শুটিং হবে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার বলিউডের রণবীর সিংয়ের সঙ্গে পর্দা ভাগ করবেন কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘হ্যালো’র মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর মালয়ালম, তামিল ও তেলেগু ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

সম্প্রতি ‘লোকাহ : চ্যাপ্টার ওয়ান—চন্দ্রা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন কল্যাণী। সিনেমাটির সাফল্যের পর তার জনপ্রিয়তাও বেড়েছে।

বড় পরিসরের অ্যাকশন দৃশ্য ও কারিগরি প্রস্তুতির কারণে শুটিং শুরুর আগেই ‘প্রলয়’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *