মধ্যরাতে শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটির এখনো হদিস নেই

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ দুই সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার রাতে সাপ দুটির সন্ধান পাওয়ার পর সাপ উদ্ধারকারী দল ও বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছান।

জানা গেছে, ১৭ আগস্ট রাত ৮টার দিকে ‘মান্নাত’ থেকে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে ফোন করা হয়। পরে তিনি বন দপ্তরের কর্মীদের নিয়ে বাংলোয় যান। উঠানের সিঁড়ির নিচে প্রথম সাপটির সন্ধান পাওয়া যায়। প্রায় আট ফুট লম্বা সাপটি উদ্ধার করা হলেও বন দপ্তর জানিয়েছে, এটি বিষধর ছিল না।

তবে দ্বিতীয় সাপটি উদ্ধারের আগেই পালিয়ে যায়। এতে বাংলোর কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দপ্তরের পক্ষ থেকে অবশ্য সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাপ দুটি কীভাবে ‘মান্নাত’-এর ভেতরে ঢুকেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সময় শাহরুখ খান বা তার পরিবারের কোনো সদস্য বাংলোয় ছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের পাশে অবস্থিত ‘মান্নাত’ শাহরুখ খানের বাসভবনের পাশাপাশি ভক্তদের অন্যতম আকর্ষণীয় স্থান। এর আগে সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকেও সাপ উদ্ধারের ঘটনা ঘটেছিল।

‘মান্নাত’-এ সাপের উপস্থিতিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দ্বিতীয় সাপটি এখনো উদ্ধার না হওয়ায় বাংলোর নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *