তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি বলেছেন, তারেক রহমান ভারত সফর না করলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের যোগাযোগের পথও বন্ধ হয়ে যেতে পারে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোনির মতে, সম্ভাব্য এই সফরের মাধ্যমে তিস্তার পানি বণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপক্ষীয় বিষয়গুলো সমাধানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

রোহিঙ্গা সংকটেও ভারত আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সোনি। মিয়ানমারের সঙ্গে ভারতের যোগাযোগ কাজে লাগিয়ে এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানকে ‘তুলনামূলকভাবে অনেক বেশি খোলামেলা’ এবং ‘ভারতবিরোধী নন’ উল্লেখ করে সোনি বলেন, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতও সতর্কভাবে সুযোগ তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তারেক রহমান ভারত সফর না করলে সুযোগটি হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিমও বিষয়টি নিশ্চিত করেন। তবে সফরের কোনো চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *