মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা কমে যাওয়ায় অঞ্চলটির উত্তেজনাও বাড়ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে উঠেছে। আগের কার্যদিবসেও ব্রেন্টের দাম জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলারে উঠেছিল।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের সমঝোতার সম্ভাবনা কমে আসায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। তেহরান আরও কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার পাশাপাশি ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেছে।

বাজারসংশ্লিষ্টদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *