নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় গোলাকান্দাইল ইউনিয়নের নতুন এলাকায় মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া এতিমখানার ১০ বছর বয়সী শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক পানিতে ডুবে মারা গেছে। গত (১৫ আগস্ট)বিকেলে গোলাকান্দাইল নতুন বাজারের ৫ নাম্বার ক্যানালে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অজু ও গোসলের একপর্যায়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে ওই মাদ্রাসায় ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার ২৪ জন শিক্ষার্থীকে ৩ জন শিক্ষকের তত্ত্বাবধানে ৫ নাম্বার ক্যানালে নিয়ে যাওয়া হয়। সেখানে খেলাধুলার পর গোসল ও অজু করার সময় শিক্ষকদের অজান্তে ওমর ফারুক ও আব্দুর রহমান নামে দুই শিক্ষার্থী পানিতে নেমে তলিয়ে যায়। পরে আব্দুর রহমানকে জীবিত উদ্ধার করা গেলেও ওমর ফারুক নিখোঁজ থাকে। খবর পেয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।
নিহত ওমর ফারুক রূপগঞ্জের তারাবো পৌরসভার তেতলাব এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে। সে মাদ্রাসার নাজারা বিভাগের ২৬ পারার মেধাবী শিক্ষার্থী ছিল। ওমর ফারুকের পরিবারের অভিযোগ, শিক্ষকদের তদারকিতে অবহেলা ও গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহত শিশুর দাদি জাকিয়া বেগম বলেন,শিক্ষকরা যদি ছাত্রদের তদারকিতে আরেকটু সতর্ক হতেন, তবে হয়তো এমন ঘটনা ঘটত না।” শিশুটিকে নামাজের নিয়ত বাঁধা অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়েছে এমন খবরে পরিবারের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তারা ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।
তাকওয়া আল ইসলামিয়া এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ রমজান বিন আজিজ বলেন,হামলায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, যার মধ্যে নগদ সাড়ে ৪ লাখ টাকাও লুট হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনার দিন ৭-৮ জন শিশু পানিতে নেমেছিল। কিছু শিশু সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও দুইটি শিশুটি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।












