দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিহাসে প্রথমবারের মতো ট্যাক্স ক্যাডারের সাবেক কর্মকর্তা কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে নতুন দুদক কমিশনার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দুদক আইন অনুযায়ী, কমিশনার হিসেবে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
১৯৯১ সালে বিসিএস ট্যাক্স ক্যাডারে যোগ দেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া। দীর্ঘ কর্মজীবনে কর আইন, করনীতি, অর্থপাচার প্রতিরোধ ও আর্থিক স্বচ্ছতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। ২০২২ সালে এনবিআরের সদস্য হিসেবে অবসর নেওয়ার পর ২০২৫ সালের মে মাসে এফআরসির চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।
এর আগে ব্যাংকিং ও শিক্ষকতাতেও যুক্ত ছিলেন সাজ্জাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বি.কম (সম্মান), এম.কম এবং পরবর্তীতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
একই প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত সচিব ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগের পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন কমিশন গঠন করা হয়।
ট্যাক্স প্রশাসন ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় আর্থিক অপরাধ ও অর্থপাচারসংক্রান্ত দুদকের কার্যক্রমে সাজ্জাদ হোসেন ভূঁইয়ার অভিজ্ঞতা কাজে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।












