রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই অন্য একটি বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় পিংক বাসটিকে বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।
ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
জানা গেছে, সড়কে চলাচল শুরুর কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে পিংক বাসের সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করেছে। এ সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে বাস পরিচালনা।
চালুর প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ও রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Leave a Reply