কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, কার্নিসে নেমে প্রাণে বাঁচলেন বাংলাদেশি দম্পতি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণে বেঁচেছেন বাংলাদেশি দম্পতি সোমাইয়া আখতার ও রেজাউল ইসলাম। আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তারা হোটেলের কক্ষের দরজা দিয়ে বের না হয়ে জানালা দিয়ে নেমে তিনতলার কার্নিসে আশ্রয় নেন। পরে দমকলকর্মীরা মই দিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন।

প্রায় এক সপ্তাহ আগে কলকাতায় বেড়াতে যান সোমাইয়া ও রেজাউল। অগ্নিকাণ্ডের দুই দিন আগে তারা নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ওঠেন। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ কক্ষের দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দরজা খুলতেই তারা দেখতে পান, বারান্দা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে রেজাউল দ্রুত স্ত্রীকে নিয়ে জানালা দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেন। দুজন জানালা দিয়ে নেমে তিনতলার কার্নিসে অবস্থান নেন। সেখানে দাঁড়িয়ে সোমাইয়া সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। একই সঙ্গে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নিচে থাকা পথচারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা।

প্রায় আধা ঘণ্টা কার্নিসে আতঙ্কের মধ্যে থাকার পর ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। পরে মই দিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পরও ওই ভয়াবহ অভিজ্ঞতার আতঙ্ক কাটেনি দম্পতির।

উল্লেখ্য, কলকাতার ওই ভবনের বিভিন্ন হোটেলে বাংলাদেশ থেকে যাওয়া আরও অনেক মানুষ অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ বাংলাদেশি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *