‘মৃত্যুর আগ পর্যন্ত আর বিয়ে করব না’

‘ভাইয়ারে’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা অভিনেতা ও নির্মাতা রাসেল মিয়া জানিয়েছেন, জীবনে আর বিয়ে করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্তকে নিজের প্রতি এক ধরনের প্রতিজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন রাসেল মিয়া।

তিনি বলেন, ‘আমি আর কখনো বিয়ে করব না। এখন সিঙ্গেল আছি, মৃত্যুর আগ পর্যন্ত সিঙ্গেল থাকব। এটা আমার নিজের প্রতি নিজের একটা প্রতিজ্ঞা।’

কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে রাসেল মিয়া বলেন, প্রথম বিয়ের পর অনেককে সুখী হতে দেখেছেন। তবে দ্বিতীয় বা তৃতীয় বিয়ের পর বেশিরভাগ মানুষকে সুখী হতে দেখেননি। এসব অভিজ্ঞতা থেকেই আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিলেন রাসেল মিয়া। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন তিনি।

২০২২ সালের মাঝামাঝি মুক্তি পাওয়া ‘ভাইয়ারে’ সিনেমার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন রাসেল মিয়া। সিনেমাটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেন তিনি। প্রচারণার সময় কখনো রিকশা চালিয়ে, আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে আলোচনায় আসার চেষ্টা করেন এই অভিনেতা।

সিনেমা মুক্তির পর তার প্রচারের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ‘পাপমুক্ত সিনেমা’ ও ‘অজু নিয়ে দেখা যাবে’—এ ধরনের মন্তব্য করে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। তার বেশ কিছু বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বর্তমানে ‘পাত্রী চাই’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন রাসেল মিয়া। এতে তার সঙ্গে অভিনয় করছেন চিত্রনায়িকা পলি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *