‘পুষ্পা’ আল্লুর ছবিতে খলনায়ক উইল স্মিথ

পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুনের বহুল আলোচিত নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এবার সিনেমাটিতে অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ খলনায়কের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।

গত ৮ এপ্রিল আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয় ‘রাকা’র ফাস্ট লুক। সেখানে মাথা ন্যাড়া রহস্যময় অবতারে দেখা যায় অভিনেতাকে। মুখের কিছু অংশ নেকড়ের মতো থাবা ও ধারালো নখ দিয়ে ঢাকা ছিল। ফলে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে রহস্য আরও বাড়ে।

ভারতীয় নির্মাতা অ্যাটলির পরিচালনায় নির্মিতব্য সাই-ফাই ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। সূত্রের দাবি, মূল খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য গত এক বছর ধরে নির্মাতাদের সঙ্গে আলোচনা করছিলেন ‘ব্যাড বয়েজ’খ্যাত উইল স্মিথ। আলোচনা চূড়ান্ত হলে সিনেমাটির পরবর্তী শুটিং শিডিউলে যোগ দেবেন এই হলিউড তারকা।

জানা গেছে, ভারতের বাইরে উইল স্মিথের অংশের শুটিং হবে। প্রযোজনা সংস্থা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, তার শুটিংয়ের তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। তার সময়সূচির ওপর ভিত্তি করেই শুটিংয়ের লোকেশন নির্ধারণ করা হবে। এমনকি তার চরিত্রের কস্টিউমও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ‘রাকা’ সিনেমায় শাহরুখ খানের বিশেষ ক্যামিও থাকার গুঞ্জন ছড়িয়েছিল। পরে সেই খবর অস্বীকার করা হয়। তবে নতুন করে আবারও শাহরুখের যুক্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে সেপ্টেম্বরের পর বিদেশের মাটিতে নিজের অংশের শুটিং করতে পারেন তিনি।

আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুনাল ঠাকুরকে।

সান পিকচার্সের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির বাজেট প্রায় ৭০০ কোটি টাকা বলে জানা গেছে। বড় বাজেট ও তারকাবহুল এই সাই-ফাই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে নতুন রেকর্ড গড়তে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *