ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ইচিগো রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্যপণ্য কোনো ধরনের লেবেল ছাড়াই সংরক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি মজুদ করা বিদেশি খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় আমদানিকারকের তথ্যও পাওয়া যায়নি।

এ ছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শন করতে ব্যর্থ হয়।

এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্যবিষয়ক সব বিধিবিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণে সঠিক লেবেলিং এবং আমদানিকৃত খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা ভোক্তার নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *