কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে। বুধবার (১৯ আগস্ট) কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ির বাসিন্দা আহমেদ বাবু।

দেবাশীষ দত্তের পরিবারের বরাতে জানা গেছে, তার স্ত্রী আফসানা অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার কলকাতায় আসেন তারা। দেশে ফেরার আগে কলকাতার ওই হোটেলে অবস্থান নেন। সেখানেই আগুনের ঘটনায় পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এদিকে নিহত একজন ভারতীয় নাগরিকের পরিচয়ও জানা গেছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ান।

অগ্নিকাণ্ডে নিহত অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *