হলফনামায় তথ্য গোপনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে।
রিটে আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হন এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদ। নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ীও তিনি সবচেয়ে কম বয়সী প্রার্থী ছিলেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন হান্নান মাসউদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন এবং পরে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে সক্রিয় হন।
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে করা এই রিটের শুনানির পর আদালতের সিদ্ধান্তের দিকে এখন নজর সংশ্লিষ্টদের।












