এস আলমের বিদ্যুৎকেন্দ্রের এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি

বিতর্কিত এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডের পক্ষে ঋণপত্র (এলসি) খুলতে প্রায় ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলার ছাড় এবং নতুন এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ১৬ আগস্টও প্রতিষ্ঠানটির জন্য এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

এদিকে, কোনো হিসাব স্থগিতের নির্দেশ পেলে সংশ্লিষ্ট হিসাবের স্থিতির পাশাপাশি এর সঙ্গে যুক্ত অন্যান্য হিসাবের তথ্যও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) দ্রুত জানাতে বলা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জারি করা এক নির্দেশনায় বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতাভুক্ত সব রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট হিসাবের পাশাপাশি এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য হিসাবের তথ্যও দ্রুত জানানোর ওপর এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *