রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রুমিন ফারহানা ভোটদানে বিরত থাকার পেছনে তিনটি কারণ তুলে ধরেন।
প্রথম কারণ হিসেবে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো অনিশ্চয়তা ছিল না। ফলাফল আগে থেকেই জানা থাকায় এটিকে প্রকৃত নির্বাচন নয়, বরং ‘মনোনয়ন’ বলে মনে হয়েছে তার কাছে।
দ্বিতীয় কারণ হিসেবে রুমিন বলেন, গণঅভ্যুত্থানের পর জাতির আত্মত্যাগ ও স্বপ্নের প্রতিফলন হিসেবে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করা যেত।
তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তোলেন। তার দাবি, দলের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি সামনে আনা হয়েছিল। এমন পরিস্থিতিতে তিনি এই ভোটে অংশ নেওয়াকে ‘প্রহসনের ভোট’ মনে করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ মোট ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তাদের মধ্যে বিএনপির মির্জা আব্বাস, ড. ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা, খেলাফত মজলিশের মোহাম্মদ আবুল হাসান এবং জামায়াতে ইসলামীর গাজী নজরুল ইসলামও রয়েছেন।












