শুটিং সেটে সালমানের মাঝে উইল স্মিথকে খুঁজে পেলেন পরিচালক

আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার ‘৭ ডগস’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আরবি ভাষার এ সিনেমায় বলিউড তারকা সালমান খান ও সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির মরক্কো-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সেখানে সালমানের অভিনয় ও তারকাসুলভ উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন তারা।

পরিচালক আদিল এল আরবি জানান, শুটিং সেটে সালমানকে দেখলে তার হলিউড তারকা উইল স্মিথের কথা মনে হয়েছে। তার ভাষায়, সালমানের মধ্যে সহজাত তারকাসুলভ একটি উপস্থিতি রয়েছে। ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন আলাদা এক জাদু তৈরি করেন।

আদিলের মতে, সালমান খুব দ্রুত একটি দৃশ্যের প্রয়োজনীয়তা বুঝে ফেলেন। নিজের অভিনয়ের পাশাপাশি তিনি দৃশ্যে নতুন কিছু যোগ করেন, যা নির্মাতাদের জন্যও ছিল শেখার অভিজ্ঞতা।

অন্য পরিচালক বিলাল ফালাহ জানান, সালমান শুটিংয়ের সময় নিজের মতো করে যেসব ছোট ছোট মুহূর্ত ও সংলাপ যোগ করেছেন, সেগুলো সম্পাদনার টেবিলে সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

‘৭ ডগস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিসরের দুই অভিনেতা আহমেদ এজ ও করিম আবদেল আজিজ। গল্পে তাদের একজন ইন্টারপোল কর্মকর্তার চরিত্রে এবং অন্যজন অপরাধীর ভূমিকায় অভিনয় করেছেন। পরে একটি আন্তর্জাতিক অপরাধী চক্রকে দমন করতে তারা একসঙ্গে কাজ করেন।

প্রায় ৪ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত সিনেমাটিকে আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। সৌদি আরবের রিয়াদে সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে। এতে অ্যাকশন, স্টান্ট ও বিস্ফোরণের দৃশ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সিনেমাটির অন্যতম আলোচিত দৃশ্য একটি বিশাল বিস্ফোরণ। নির্মাতাদের দাবি, ওই বিস্ফোরণ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় অন-স্ক্রিন বিস্ফোরণ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *