আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) নাফ নদীর শূন্যলাইন এলাকায় আরাকান আর্মির কাছ থেকে বিজিবির একটি প্রতিনিধিদল ওই ২৪ জেলেকে গ্রহণ করে। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

বিজিবি জানায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এসব জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মি তাদের আটক করে মিয়ানমারের অভ্যন্তরে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যায়।

আটক জেলেদের পরিবারের উদ্বেগ ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় চালিয়ে যায় বিজিবি। এর ধারাবাহিকতায় তাদের দেশে ফেরত আনা সম্ভব হয়।

বর্তমানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে জেলেদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা চলছে। প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানবিক সংকট মোকাবিলায় পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *