নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কে রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন, তা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের মতামত নেয়।

মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় এবং ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করায় সাংবিধানিকভাবে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষমতা কার রয়েছে।

পরে আইন মন্ত্রণালয় তাদের মতামত জানায়। মন্ত্রণালয়ের মতে, বর্তমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। ফলে স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকারই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

এ মতামতের ভিত্তিতেই নতুন রাষ্ট্রপতির শপথ পড়ানোর বিষয়ে জটিলতার অবসান হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *