রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানানো হবে: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, ভোট গণনা শেষে জাতীয় সংসদেই তার নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় নির্বাচনি কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি জানান, ভোট দেওয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতাও কামনা করেন তিনি।

ভোট দেওয়ার প্রক্রিয়া তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা দেখে নিতে হবে।

ভোটগ্রহণ শেষে ব্যালটগুলো গণনা করা হবে। গণনায় যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে বলে জানান সিইসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *