ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগ, জেমসের সফরসঙ্গীদের ২০০ ইউরো জরিমানা

ইতালির রাজধানী রোমে কনসার্টে অংশ নিতে গিয়ে হোটেলের কক্ষ নোংরা ও অগোছালো অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ১৬ আগস্ট রোমে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। চেক-আউটের পর কক্ষটির কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ছবিতে কক্ষের মেঝেতে ব্যবহৃত পানির বোতলসহ বিভিন্ন আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ডাইনিং টেবিলে ছিল ব্যবহৃত প্লেট, পলিথিন ব্যাগ ও খাবারের উচ্ছিষ্ট। রান্নাঘরের সিঙ্কেও নোংরা থালা-বাসনের সঙ্গে কাঁচা ডিম পড়ে থাকতে দেখা যায়।

হোটেল কর্তৃপক্ষ আয়োজক প্রতিনিধিকে পাঠানো বার্তায় কক্ষটির অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে জানানো হয়, ভবিষ্যতে হোটেলটির সুবিধা ব্যবহার করতে চাইলে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করতে হবে।

অতিরিক্ত পরিচ্ছন্নতার এই অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট আয়োজক বা অতিথিদের ভবিষ্যতে সেখানে কক্ষ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলেও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ২০০ ইউরোর অর্থ শেষ পর্যন্ত পরিশোধ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, রোমের ওই কনসার্টকে কেন্দ্র করে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও আয়োজক পক্ষ থেকে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও কথোপকথনের স্ক্রিনশটের ভিত্তিতেই মূলত অভিযোগগুলো সামনে এসেছে। এখন পর্যন্ত জেমস, তাঁর ম্যানেজার কিংবা সফরসঙ্গীদের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *