তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। নেতানিয়াহুর এ পদক্ষেপকে ‘বেপরোয়া ও বোকামিপূর্ণ’ আখ্যা দিয়ে এর পেছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন এহুদ বারাক।
তিনি বলেন, তুরস্কের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে নেতানিয়াহু বেপরোয়া ও বোকামিপূর্ণ কাজ করছেন। তার এই কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনটি বেশি—বেপরোয়া নাকি বোকামি—তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
বারাকের দাবি, নির্বাচনের আগে ধারাবাহিকভাবে নিরাপত্তা সংকট তৈরি করে ইসরায়েলিদের মধ্যে উদ্বেগ বাড়ানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তুরস্ককে ইরান বা সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সিরিয়ার সঙ্গে তুলনা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, আঙ্কারার সঙ্গে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান করা সম্ভব নয়।
সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে গোপন যোগাযোগের মাধ্যমে তুরস্কের সঙ্গে যেকোনো কৌশলগত সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান, নিয়ন্ত্রণে রাখা কিংবা পিছিয়ে দেওয়া সম্ভব। কিন্তু নেতানিয়াহু পরিস্থিতির ওপর ‘পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন’।
এহুদ বারাকের অভিযোগ, ইসরায়েলের নিরাপত্তার চেয়ে রাজনৈতিকভাবে টিকে থাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন নেতানিয়াহু। যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং সম্ভাব্য রাজনৈতিক পরাজয়ের মুখে তিনি ‘নেশাগ্রস্ত জুয়াড়ির মতো’ আচরণ করছেন বলেও মন্তব্য করেন বারাক।
নেতানিয়াহুর এমন কর্মকাণ্ডে ইসরায়েলের আন্তর্জাতিক মিত্র ও বন্ধুদের মধ্যেও উদ্বেগ তৈরি হচ্ছে বলে জানান তিনি। তার মতে, নেতানিয়াহুর কারণে ইসরায়েলের নিরাপত্তা ও কূটনীতিতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে।
এদিকে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। তার দাবি, এ ধরনের হামলা ইসরায়েলকে তুরস্কের সঙ্গে সংঘাতের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে।
ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা গোলান বলেন, রাজনৈতিক স্বার্থে আবারও সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে। এর মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে, বিশেষ করে দেশের নিরাপত্তার ক্ষেত্রে।
গোলান নেতানিয়াহুকে ‘চরমপন্থি ও অবিশ্বস্ত’ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার ওপর আস্থা রেখে স্থিতিশীল আঞ্চলিক কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।

Leave a Reply