প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চার সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাব্য চার সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় কিছুটা রদবদলও হতে পারে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে বিমান, খাদ্য, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ড. আবদুল মঈন খান পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন বলে তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূইয়াঁ মিল্টন জানিয়েছেন।
অন্যদিকে সাচিং প্রু জেরীও বঙ্গভবনে যাওয়ার জন্য নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে থাকতে তাকে বলা হয়েছে।
নতুন সদস্যদের শপথের প্রস্তুতির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ কারণে রাতে শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পরপরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এ জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুলও প্রস্তুতি নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্দেশনা পেলেই প্রয়োজনীয় গাড়ি পাঠানো হবে। এরই মধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় মোট ৫০ সদস্য ছিলেন। প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করলেও মন্ত্রিসভার সদস্য নন।
নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়াবে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রীর সংখ্যা ২৫ জন।
মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল ও নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক কার্যক্রমে নতুন দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।












