বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বিকেল থেকেই বঙ্গভবনে আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতি বাড়তে থাকে। রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের পতাকাবাহী গাড়িতে বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। অনুষ্ঠানের সময় বঙ্গভবনের আশপাশেও উৎসুক মানুষের উপস্থিতি ছিল।
এর আগে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। স্পিকারের দায়িত্ব পান তৎকালীন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
পরবর্তীতে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।












