দীর্ঘ ৮ বছরের প্রেমের পর বিয়ে করলেন অর্জুন রামপাল

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়াল বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের। গোয়ায় সাদামাটা আয়োজনে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় আইন অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে দ্রুতই বিয়ে নিবন্ধন করেন এই তারকা দম্পতি।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনটিতেও ছিল না কোনো জাঁকজমক। সাধারণ পোশাকে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে কার্যালয়ে হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই একসঙ্গে সংসার শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ে নিয়ে তাড়াহুড়া করেননি এই জুটি। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। এবার সেই সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন অর্জুন। তিনি বলেছিলেন, তাঁদের সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাঁর ভাষায়, ‘বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।’

অর্জুনের মতে, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়। তবে গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্কের সৌন্দর্য ছিল স্বাভাবিকতার মধ্যেই। দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সহযোগিতা করছেন বলেও জানিয়েছিলেন তিনি।

গ্যাব্রেলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবন ছিল অর্জুনের। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। এই সংসারে তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা। প্রায় ২১ বছরের দাম্পত্যের পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাঁদের।

তবে বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘনিষ্ঠ রয়েছে। অন্যদিকে গ্যাব্রেলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, সংসার ও দুই সন্তানের পর এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অর্জুন রামপাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *