পশ্চিম এশিয়ায় দীর্ঘ সামরিক মোতায়েনের পর ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ফিরছে যুক্তরাষ্ট্রে

দীর্ঘ সময় পশ্চিম এশিয়ায় মোতায়েন থাকার পর যুক্তরাষ্ট্রের পারমাণবিকচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছে। প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা বহনকারী রণতরীটির দীর্ঘ মোতায়েনকে ঘিরে মানসিক চাপ, রসদ সংকট এবং জাহাজের অভ্যন্তরীণ নানা সমস্যার চিত্র সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে রণতরীটি টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করেছে। এর মধ্যে ২৫০ দিনেরও বেশি সময় নাবিকদের কোনো বন্দরে নেমে বিশ্রামের সুযোগ হয়নি বলে দাবি করা হয়েছে।

দীর্ঘ মোতায়েনের ফলে রণতরীতে খাবার, পরিচ্ছন্নতার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়। গরম পানি, বাথরুম ও শাওয়ার ব্যবস্থার সমস্যার পাশাপাশি সাবান ও টুথপেস্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথাও প্রতিবেদনে উঠে এসেছে। খাবারের সংকটও গুরুতর আকার ধারণ করেছিল বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে কয়েকজন নাবিকের আত্মহত্যার চেষ্টা এবং তাদের পরিবারের উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। মার্কিন আইনপ্রণেতারাও রণতরীর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে আরব সাগরে নতুন মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ পৌঁছানোর পর ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ ও কঠিন সামরিক মোতায়েনের পর রণতরীটির প্রত্যাবর্তনকে ঘিরে মার্কিন সামরিক ব্যবস্থাপনা ও রসদ সরবরাহের সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *